চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চলের পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে একটি দলছুট হাতি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাতিটি বাঁশখালীর প্রধান সড়কের পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এদিক-সেদিক ঘোরাফেরা করে। এ সময় সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে থাকেন।
পুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরিদ আহমদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় হাতিটিকে উত্তর দিকের পাহাড়ের দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। তবে এর আগে রাত ৩টার দিকে হাতিটির সামনে পড়ে কয়েকজন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, এর আগে বুধবার বৈলছড়ি এলাকার পাহাড়ে ক্ষতিগ্রস্ত মানুষের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবী মো. নজরুল ইসলামসহ কয়েকজন দলছুট হাতিটির সামনে পড়ে আতঙ্কিত হন।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক বন্যায় পাহাড়ি এলাকার অধিকাংশ খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে দলছুট হাতিটি লোকালয়ে নেমে এসেছে।