সার্জিও গোরের সফরে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এ সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’ প্রসঙ্গত তিন দিনের সরকারি সফরে আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন বিশেষ দূত সার্জিও গোর।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের যেকোনো উচ্চপর্যায়ের সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এ সফরের মধ্য দিয়ে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। ঢাকা ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এ সহযোগিতাকে আরও এগিয়ে নিতে চায়।’ গোরের ঢাকা সফরে এসব বিষয়ের পাশাপাশি নতুন কোনো ক্ষেত্র তৈরি হলে সেটিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।