ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় ৩৪ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, আতস বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং পুশ ইন প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।