চুরির অপরাধে যুবকের ১০০ রাকাত নামাজ আদায়

ভোলার লালমোহনে দুটি রাজহাঁস চুরির অভিযোগে এক যুবককে আটক করে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন স্থানীয়রা। তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নাজিম (২৫) লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের পাকার মাথা এলাকার বুলু হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে এলাকায় হাঁস-মুরগিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দারা সতর্ক ছিলেন। বৃহস্পতিবার রাতে মো. এমরান হোসেন রাকিব নামের এক ব্যক্তির পালিত দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে হাঁসসহ কাতে ধরে ফেলে। একপর্যায়ে

স্থানীয়দের সামনে মো.নাজিম নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর কখনো চুরি করবেন না বলে অঙ্গীকার করেন। তাই এলাকাবাসীও তাকে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করান। একই সঙ্গে তওবা করিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেন।

রাজহাঁসের মালিক মো. এমরান হোসেন রাকিব বলেন, হাঁস দুটি তাদের পরিবারের অনেক শখের ছিল। স্থানীয়দের তৎপরতায় হাঁস উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে মারধর না করে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ঘটনাটি থানায় কেউ জানায়নি। রাতে এলাকায় নিয়মিত পুলিশের টহল চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।