ম্যারাডোনা-স্মরণে শতবর্ষী বিশেষ জার্সি নাপোলির

নাপোলি মানেই যেন ডিয়েগো ম্যারাডোনার সুর আর নীল রঙের মায়াবী রোমাঞ্চ। ইতালিয়ান এই ক্লাবটি তাদের প্রতিষ্ঠার গৌরবময় শতবর্ষ উদযাপনে আর্জেন্টিনার সঙ্গে জড়িয়ে থাকা সেই ঐতিহাসিক ও নাড়ির টানের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্লাবের দ্বিতীয় বা অ্যাওয়ে কিট হিসেবে উন্মোচিত হয়েছে এক আবেগঘন বিশেষ জার্সি, যার পরতে পরতে লুকিয়ে আছে ম্যারাডোনা এবং দক্ষিণ আমেরিকান এই ফুটবল জাতির প্রতি অশেষ নিবেদন।

আলোচিত এই জার্সি উন্মোচনের অফিশিয়াল প্রোমোশনাল ভিডিওতে নতুন চমক হিসেবে হাজির হয়েছেন বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, যিনি এখন নাপোলির আক্রমণভাগের মূল প্রাণভোমরা। ক্যাম্পেইনের পুরো আয়োজনটি কেবল ইতালির মাটিতে সীমাবদ্ধ না রেখে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বুকেই।

লা বোকার রঙিন গলি, কামিনিতো, উইমেনস ব্রিজ, ঐতিহাসিক কাসা রোসাদা তথা প্রেসিডেন্সিয়াল প্যালেস এবং প্লাজা দে মায়োর মতো প্রতীকী ও ঐতিহাসিক স্থানগুলোতে সম্পন্ন হয়েছে এর ফটোশুট। এই চিত্রায়ণের সবচেয়ে নান্দনিক সংযোজন ছিল বিখ্যাত আর্জেন্টাইন শিল্পী আলফ্রেডো সেগাতোরির বিখ্যাত আর্ট প্রজেক্ট ‘লা বোকা ৫.০’, যার ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে ১৯ ও ২০ শতকের সন্ধিক্ষণে ইতালি থেকে লাতিন আমেরিকায় পাড়ি জমানো অভিবাসীদের শেকড়ের ঐতিহ্য।

নাপোলির অফিসিয়াল বিবৃতিতে বিষয়টির প্রতি আবেগ প্রকাশ করে জানায়, ‘এই আয়োজনটি ছিল এমন কিছু গলি ও রঙের মধ্য দিয়ে ভ্রমণের মতো, যা ঐতিহাসিক সম্পর্ক, পরিবার এবং কমিউনিটিকে এক সুতোয় বেঁধেছে। আর নাপোলি ও আর্জেন্টিনার সেই আত্মিক বন্ধনকে সবচেয়ে শক্তিশালী রূপ দিয়ে অমর করে গেছেন দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।’ 

নান্দনিক আবেগের পাশাপাশি প্রযুক্তির দিক থেকেও জার্সিটি বেশ সমৃদ্ধ। ক্লাসিক সাদার ওপরে নীল রঙের ছোঁয়ায় তৈরি এই জার্সির বুকে ফুটিয়ে তোলা হয়েছে নেপলস উপসাগর ও ভিসুভিয়াস আগ্নেয়গিরির সিলুয়েট এবং ঘাড়ে খোদাই করা রয়েছে রয়েছে নেপোলিটানদের গর্বের উপাধি ‘পার্তেনোপেই’ শব্দটিআধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে অফিশিয়াল অথেনটিক জার্সিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক এনএফসি চিপ, যা স্ক্যান করলেই ভক্তদের জন্য উন্মুক্ত হবে ক্লাবের এক্সক্লুসিভ সব কনটেন্ট। খেলোয়াড়দের ফিটনেস ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পিঠ ও হাতার নিচে রাখা হয়েছে বিশেষ ইলাস্টিক মেশ প্যানেল।

শতবর্ষের এই উদযাপনে নাপোলি প্রমাণ করল, ক্লাব ও দেশের সীমানা ছাড়িয়ে ফুটবল কেবলই এক আবেগের নাম, যেখানে ম্যারাডোনার চেতনা আজও সমানভাবে প্রদীপ্ত।