পিছিয়ে গেল রণবীর কাপুরের ‘রামায়ণ’ ট্রেলার

সান ডিয়েগো কমিক-কন ইভেন্টে প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে স্থগিত করা হয়েছে নীতিশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি। গত সপ্তাহে দিল্লিতে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলেও বিশ্বব্যাপী ভক্তদের ট্রেলার দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

ছবির প্রযোজক নামিত মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ট্রেলারটি পরবর্তীতে আরও বড় পরিসরে বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করা হবে।

সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে অংশীদারত্বের কথা উল্লেখ করে নামিত মালহোত্রা জানান, ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসে এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে, যেখানে হলিউডের যেকোনো বড় চলচ্চিত্রের মতোই রামায়ণকে সমগ্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে। এটি বিশ্ব দরবারে ভারতীয় সংস্কৃতি ও গল্পের সমৃদ্ধি তুলে ধরার বড় একটি সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভক্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। 

চার হাজার কোটি রুপির (প্রায় ৫০০ মিলিয়ন ডলার) বিশাল বাজেটে নির্মিত দুই পর্বের এই রামায়ণকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প বলা হচ্ছে। বড় পর্দার এই মহাকাব্যিক অভিযোজনের সংগীত পরিচালনায় যৌথভাবে কাজ করছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হ্যান্স জিমার, যা ছবিটিকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন মাত্রা দিয়েছে। 

রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল ও যশ অভিনীত এই মেগা প্রজেক্টের প্রথম পর্বটি ২০২৬ সালের অক্টোবরে দিওয়ালি উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।