চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তে ওই সাতজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
বিজিবি জানায়, সকালে চাড়ালডাঙ্গা সীমান্তের কাছে বিএসএফ'র ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশের ভেতরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সীমান্তের শূন্যরেখায় দেখতে পায়। পরে ওই সাতজনকে বাংলাদেশে ঢুকতে বাধা দিয়ে কাছের কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতে পাঠানো হয়।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, এ ঘটনায় সীমান্তে বিজিবি'র টহল জোরদারসহ নজরদারি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।