লোকাল থেকে চিত্রা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

ভোলার মনপুরা উপজেলার লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া হরিণটিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার বাতানখালি গ্রাম থেকে প্রায় ২৫ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ একটি চিত্রা হরিণকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে হরিণটি আশপাশে অবস্থান করলেও বনের দিকে ফিরে না যাওয়ায় স্থানীয়রা নিরাপদে সেটিকে আটকে রেখে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পচাকোড়ালিয়া বিটের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে সুস্থ মনে হওয়ায় বিকেলে মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দিলে নিরাপদে উদ্ধার ও প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।