পিরোজপুরের কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার এবং ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। অভিযান শেষে উদ্ধার করা অবৈধ বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া নদী থেকে পোনা ও জাল জব্দ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ও রেনু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রেনু পোনা নিধন ও অবৈধ বেড়জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা রেনু পোনা নদীতে অবমুক্ত করায় মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।