‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দুইটি হচ্ছে খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।

আগামী ১০ আগস্ট উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন দেশের আরও দু’টি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকেও আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার (২৪ জুলাই) সকালে মিতিঙ্গাছড়ি গ্রাম পরিদর্শনকালে ইউএনও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি জানান, এসডিজি’র ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

রায়হানুল ইসলাম বলেন, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়িকে গড়ে তোলার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণযোগ্য উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ইউএনওর সঙ্গে  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, ১০০ নম্বর ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)