শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তপ্ত কলকাতা, ধর্মতলায় বিক্ষোভে সংঘর্ষ

ভারতের নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে কলকাতাতেও।

শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী ছাত্র সংগঠন ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার ধর্মতলা এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি কিছু সময়ের জন্য রণক্ষেত্রে পরিণত হয়।

শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ও অন্যান্য বাম ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বের হয়। এতে শহরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণ-তরুণীরা অংশ নেন। হাতে ছিল পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।

দুপুর ৩টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে শুরু হওয়া মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের দিকে জুতো ও পানির বোতল ছুড়ে মারে বলে অভিযোগ। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়। যান চলাচল ব্যাহত হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে ধর্মতলা এলাকায় অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ), কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী প্রস্তুত রাখা হয়।

পুলিশ ধর্মতলার মোড় অবরোধমুক্ত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। লাঠি হাতে পুলিশ এগিয়ে গেলে আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীদের একাংশ রানি রাসমনি রোডের দিকে সরে যায়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের জবাবদিহি দাবি করেন। এক বিক্ষোভকারী বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিষয়টির দায় নিতে হবে। একই সঙ্গে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

অন্য এক শিক্ষার্থী বলেন, “শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এনটিএ বাতিলের দাবি জানাচ্ছি।”

আরেক আন্দোলনকারী জানান, নিটসহ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো পরিচালনায় এনটিএর ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আস্থা কমেছে। তাই সংস্থাটি বাতিলের দাবি জানানো হচ্ছে।

এদিকে দিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে চলমান আন্দোলনও জোরদার হচ্ছে। নিট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র-যুবদের আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম