গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, পৃথিবীর দীর্ঘ মোটরযান চলাচলযোগ্য রাস্তা প্যান-আমেরিকান হাইওয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। বিশাল সড়ক নেটওয়ার্কটির দৈর্ঘ্য ত্রিশ থেকে আটচল্লিশ হাজার কিলোমিটার। পথচলায় রয়েছে বরফাবৃত অঞ্চল, জঙ্গল, মরুভূমি এবং পাহাড়সহ বিচিত্র প্রকৃতি। মহাসড়কের নেটওয়ার্ক উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার ১৪ দেশকে সংযুক্ত করেছে। এটি দেশগুলোর জাতীয় মহাসড়কের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সড়ক ব্যবস্থা। এর মূল লক্ষ্য, আমেরিকা মহাদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ সহজ ও গতিশীল করা। এই মহাসড়ক নেটওয়ার্কের রুট আলাস্কা থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি এবং আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। পথে অতিক্রম করতে হয় তুষারাবৃত পর্বত, বিস্তীর্ণ মরুভূমি, উষ্ণমণ্ডলীয় রেইনফরেস্ট, সমুদ্র উপকূল ও আন্দিজ পর্বতমালার মতো বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। তবে সড়ক নেটওয়ার্কের ব্যতিক্রম হলো, ডারিয়েন গ্যাপ। পানামা ও কলম্বিয়ার মধ্যবর্তী প্রায় ১৬০ কিলোমিটারের দুর্গম জঙ্গল ও জলাভূমি এলাকায় মহাসড়ক নির্মিত হয়নি। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল এবং নিরাপত্তাজনিত কারণে অংশটি এখনো সড়কহীন। প্যান-আমেরিকান হাইওয়ে শুধু সড়ক নয়, বরং আমেরিকা মহাদেশের দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংযোগের গুরুত্বপূর্ণ প্রতীক। আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটনশিল্প বিকাশ এবং আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধিতে এর অবদান গুরুত্বপূর্ণ। এই হাইওয়ে বিশে^র প্রকৌশল, যোগাযোগ ব্যবস্থা এবং অভিযাত্রিক ইতিহাসের বিস্ময়।