বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে সহজপাঠ উচ্চবিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতি উৎসব-২০২৬। পাঁচ দিনব্যাপী উৎসবের দ্বিতীয় পর্বের দুই দিনের অনুষ্ঠানমালা শুরু হয়েছে গতকাল শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। প্রথম দিনের আয়োজন ছিল বাংলা উৎসব।
উৎসবটি মুখরিত ছিল নানামাত্রিক আয়োজনে। শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল জারিগান, লোকগান, নাচ, ছড়া, পুঁথিপাঠ প্রভৃতি। শিশুদের আঁকা ছবি, গণিত ও সামাজিক বিজ্ঞানের দলীয় কাজের উপস্থাপনাও প্রদর্শিত হয় এ উৎসবে।
বিদ্যালয়ের প্রতিটি শিশুর সৃজনশীল লেখা ও ছবি নিয়ে একটি বই বের করছে সহজপাঠ উচ্চবিদ্যালয়। যেখানে শিশুদের নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটেছে। গতকাল উৎসবে ‘ইচ্ছে ডানা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি সহজপাঠের ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিশুদের হাসিখুশি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি আনন্দিত। ঢাকা-১৩ আসনের সব স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যেখানে শিক্ষার্থীরা তাদের আশপাশের সমস্যা এবং তার সমাধান উপস্থাপন করবে।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘রাজা ও রাজদ্রোহী’ নাটক মঞ্চায়নের মাধ্যমে।
দ্বিতীয় দিন আজ শনিবার অনুষ্ঠিত হবে ইংরেজি উৎসব। যেখানে থাকবে বিশ্ব সংস্কৃতির ছোঁয়া ।
এর আগে ২১, ২২ ও ২৩ জুলাই সহজপাঠ ভবনে অনুষ্ঠিত হয় শিশুদের আঁকা ছবির প্রদর্শনী। প্রদর্শনী ঘুরে দেখেন চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য।
সহজপাঠ কর্তৃপক্ষ জানায়, এ উৎসব কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; বরং শিশুদের সামগ্রিক বিকাশ, ব্যক্তিত্ব গঠন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে পরিচালিত শিক্ষা কার্যক্রমেরই একটি অংশ।