ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ তদন্ত দাবিতে উত্তাল স্কুল

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। প্রধান শিক্ষকের মুক্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। অন্যদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং তারা ঘটনার সুষ্ঠু বিচার চান।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের পর বিক্ষোভকারীরা স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সংসদ সদস্য তাদের সঙ্গে কথা বলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আশ্বাস দেন। এর আগে বুধবার শিশুটির দাদা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে প্রধান আসামি এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. বাচ্চুকে সহযোগী আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৬ জুলাই স্কুল ছুটির পর প্রধান শিক্ষক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, সাবেক ইউপি সদস্য বাচ্চু ভুক্তভোগী পরিবারকে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যদের মারধর করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের একটি অংশ বলছেন, বিদ্যালয়ে এমন কোনো ঘটনা ঘটেনি। তাদের দাবি, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দেওয়া দুধের প্যাকেট নিয়ে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত।