জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত অর্থবছরে তুলনায় রাজস্ব আদায়ের কম লক্ষ্যমাত্রা দিয়েছে বেনাপোল কাস্টমস হাউজকে। এই বন্দরের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৭০২ কোটি টাকা কম। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউজকে ১১ হাজার ২৯০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল। কিন্তু অর্থবছর শেষে আদায় হয় মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়ায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা। নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষ আশাবাদী।
এদিকে কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, গত ছয় মাসে বেনাপোল কাস্টমসে ১৩০টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত মাসে প্রায় ২০ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে দায়ের হওয়া চারটি মামলায় কাস্টমস, বন্দর, নিরাপত্তা সংস্থা ও ব্যবসায়ীসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।