উল্টোরথে শেষ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব 

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। গতকাল ধর্মীয় রীতি, আচার ও বর্ণাঢ্য উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনের এ উৎসব শেষ হয়। গত ১৬ জুলাই এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। ওই দিন সকাল ৮টার দিকে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিকেলে স্বামীবাগ এলাকা থেকে শুরু হয় রথযাত্রা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রা শেষ হয় রাজধানীর জাতীয় ঢাকেশ^রী মন্দিরে। গতকাল ঢাকেশ^রী মন্দির থেকে উল্টো রথযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দির এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন বয়সী হাজার হাজার নারী, পুরুষ ও শিশুরা এ রথযাত্রায় অংশ নেন। 

জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টোরথ যাত্রা উপলক্ষে গত ৯ দিন বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, হরিনাম সংকীর্তন, শোভাযাত্রা, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠের আয়োজন করা হয়।