রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে পুলিশের এক এসআইকে ছুরি মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে হাউজিংয়ে প্রধান সড়কে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কর্মরত আছেন। ছুরিকাঘাতে পুলিশ সদস্যর পিঠে ৪৩টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি। আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ কর্মকর্তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। তার পুরো পিঠ জুড়েই ক্ষত তৈরি হয়েছে।
আহত পুলিশ সদস্য জানিয়েছে, গত ২২ জুলাই সকালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার বাসার সামনে এসে তার সঙ্গে দেখা করেন ও পাসপোর্টের বিষয়ে কথা বলেন। হামলার সঙ্গে এই তিন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।