রাজধানীর মিরপুর ১৩ নম্বরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর দুজনের মধ্যে একজন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বিএনপিকর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা কয়েকজন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে ২টি এবং বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লাগে।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন।