আরও কয়েক দিন বৃষ্টি থাকবে, ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আপাতত রাজধানী ঢাকায় ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্ষা মৌসুমের কারণে আরও কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে ঢাকায় খুব ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে নওগাঁর নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, গতকাল আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল বেড়েছে। আগামী একদিন তা স্থিতিশীল থাকতে পারে। এরপর দুই দিনে কমতে পারে। তবে এর মধ্যে আত্রাই নদীর কিছু স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নওগাঁর নদীসংলগ্ন নিচু এলাকার কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া গতকাল শুক্রবার নওগাঁয় ছোট যমুনা নদী এবং নাটোর ও সিরাজগঞ্জে আত্রাই নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে আশপাশের নিচু এলাকা সাময়িক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।