লোহিত সাগরে হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরে জাহাজ ও তেলের ট্যাংকারে হুথিদের ধারাবাহিক হামলা এবং এর ফলে বিশ্ব বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তায় সৃষ্ট ঝুঁকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৮ জুলাই) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, এই হামলাগুলো ইয়েমেনকে আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি এর ফলে গুরুতর অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত পরিণতি দেখা দিতে পারে।

দুজারিক বলেন, বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের জলপথে আন্তর্জাতিক নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতা অবশ্যই পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও জানান, মহাসচিব গুতেরেস অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।