ভারতে অক্টোবরে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল আগামী অক্টোবর মাসে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল -এর বরাতে জানানো হয়েছে, ম্যাচটি ফুটবলের শহর কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আগামী সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক সফরসূচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচের আয়োজন ইতিমধ্যেই নিশ্চিত করেছে। ম্যাচগুলো হবে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। এর পরপরই অক্টোবরের শুরুতে ভারতে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলার বিষয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে ভারতের রাস্তায় নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের বিশাল সব দেয়ালচিত্র, গ্রাফিতি এবং হাজার হাজার ভক্তের হলুদ-সবুজ জার্সি পরে সমর্থনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভক্তদের এই আবেগ দেখেই সিবিএফ ও ম্যাচ আয়োজকদের মধ্যে আলোচনার সূত্রপাত হয়েছিল।

আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের আগে কেবল শেষ মুহূর্তের কিছু শর্তাদি বাকি রয়েছে। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

এই প্রস্তাবিত সফরটি ফিফার নতুন সুপার ফিফা উইন্ডো ব্যবস্থার অংশ, যা সর্বোচ্চ ১৬ দিনের হয়ে থাকে এবং জাতীয় দলগুলোকে একাধিক আন্তর্জাতিক প্রীতি বা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দেয়।

এছাড়াও, ইএসপিএন-এর প্রতিবেদনে সিবিএফ সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৭ সালে ব্রাজিল নিজেদের দেশের এমন কিছু শহরেও জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে, যে শহরগুলো সাধারণত জাতীয় দলের সূচিতে খুব একটা জায়গা পায় না।