মাঝে মধ্যে একসঙ্গে হাজির হয়ে দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে দেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন দম্পতি। সেই ধারাবাহিকতায় এবার নিউ ইয়র্কের রাস্তায় সপরিবারে দেখা গেল এই হাই-প্রোফাইল জুটিকে। দীর্ঘদিন পর প্রকাশ্যে তাদের এই বিরল উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
লন্ডনে সিদ্ধার্থ আনন্দের মেগা বাজেট ছবি ‘কিং’-এর শুটিংয়ের ব্যস্ত সূচির মাঝেই পরিবারকে সময় দিতে ছোট এক বিরতি নিয়েছেন অভিষেক। সেই অবসরেই নিউ ইয়র্কে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। সেখানেই এক অনুরাগী তাদের সঙ্গে দেখা করেন এবং একটি সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। ছবিতে অভিষেককে সাধারণ টি-শার্ট ও ক্যাপে দেখা গেলেও ঐশ্বর্য সেজেছিলেন অল-ব্ল্যাক পোশাকে।
ছবিটি পোস্ট করে সেই অনুরাগী লেখেন, ‘বলিউডের এই রয়্যাল জুটির সঙ্গে দেখা করতে পেরে অসাধারণ লাগছে! দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগল।’ পোস্টটি সামনে আসার পরপরই বচ্চন দম্পতির বিভিন্ন ফ্যান পেজে ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করে।