নকলায় পিকআপের চাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রাব্বী (৩২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক ও সেনেটারি মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলের সামনে একটি রিকশা চলে আসে। এ সময় মোটরসাইকেল চালক রাব্বী হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় জড়িত মিনি পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পাশাপাশি পিকআপের চালক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের নুর মোহাম্মদকে পুলিশ আটক করেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।