কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহ নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতাকে শুক্রবার (২৪ জুলাই) গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গ্রেপ্তার হাফেজ উল্লাহ (৬৬) টেকনাফ সদর ইউনিয়নেরর ডেইলপাড়ার বাসিন্দা ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহসভাপতি। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আগেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গোপন খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি আভিযানিক দল মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রীর হাফেজ উল্লাহর আচরণ সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। পরে তার হেফাজত থেকে আনুমানিক ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার হাফেজ উল্লাহ রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সমুদ্র ও উপকূলীয় এলাকায় সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোস্ট গার্ডের এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোস্ট গার্ড জানায়, জব্দ ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।