আর্জেন্টাইন তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে দলবদলের বাজারে এক বিশাল প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের জানিয়েছে, মাকড়শা নামে পরিচিত ২৬ বছর বয়সী এই তারকাকে পেতে ১০ কোটি ইউরো, সাথে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকারেস হস্তান্তরের মেগা অফার দিয়েছে 'গানার্স'রা।
আর্সেনালের স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা আগামী মৌসুমের জন্য আলভারেজকে তার আক্রমণভাগের প্রধান অস্ত্র বানাতে চান। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর 'লা আরানিয়া' খ্যাত এই আর্জেন্টাইনকে ইংলিশ লিগে ফিরিয়ে আনাই এখন আর্সেনালের মূল অগ্রাধিকার।
আর্সেনালের প্রস্তাবিত এই চুক্তির অন্যতম বড় আকর্ষণ ভিক্টর গিওকারেস। গত মৌসুমে সাড়ে ৭ কোটি ইউরোর বেশি খরচে স্পোর্টিং সিপি থেকে আর্সেনালে আসা এই ২৮ বছর বয়সী সুইডিশ গোলমেশিনকে বিনিময়ের অংশ বানিয়ে আতলেতিকোকে রাজি করানোর ঘুঁটি চেলেছে লন্ডন ক্লাবটি।
আর্সেনালের ইচ্ছা থাকলেও চুক্তিটি একঘেয়ে বা সহজ নয়:
-
চুক্তির মেয়াদ: আটলেতিকো মাদ্রিদের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আলভারেজের।
-
রিলিজ ক্লজ: আতলেতিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আলভারেজ বিক্রির জন্য নন এবং তারা তার ৫০ কোটি ইউরোর বাই-আউট ক্লজে অনড় রয়েছে।
-
লা লিগার অন্যান্য প্রস্তাব: এই দলবদল উইন্ডোতে রিয়াল মাদ্রিদ (১৫ কোটি ইউরো) এবং বার্সেলোনাও (১০ কোটি ইউরো) অফার দিয়েছিল। তবে আতালেতিকো নিজ লিগের প্রতিদ্বন্দ্বীদের কাছে তাকে বিক্রি করতে নারাজ, কেবল স্পেনের বাইরে বড় প্রস্তাব আসলেই চিন্তা করবে তারা।
আর্সেনালের প্রস্তাবটি আকর্ষণীয় হলেও আলভারেজের নিজস্ব ভাবনা কিছুটা ভিন্ন। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে সফল সময় কাটানো এই স্ট্রাইকার জানিয়েছেন, তিনি প্রিমিয়ার লিগে নিজের অধ্যায় শেষ হিসেবেই দেখেন এবং স্পেনেই ফুটবল ক্যারিয়ার চালিয়ে যেতে চান।
এছাড়া কিছুদিন আগে বার্সেলোনায় খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন আলভারেজ, যা আতলেতিকো কর্তৃপক্ষের কিছুটা অসন্তোষের কারণ হয়েছিল।
আপাতত আটলেতিকো মাদ্রিদ তাদের বিশ্বসেরা এই ফরোয়ার্ডের জন্য ১০ আগস্ট প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার দিন ধার্য করেছে। ১৪ আগস্ট অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তাদের প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ হবে।