নালায় মিলল ১৩২০ গুলি,‘সন্ত্রাসীর’ বাসার বাইরে পিস্তল

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা এসব গুলি ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে একই থানাধীন চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের  তৈরি ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৭।

‘সন্ত্রাসী’ বাবলা গত বছরের ৫ নভেম্বর বাড়ির অদূরেই বিএনপি নেতা, বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

বায়েজিদ  বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত)  মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে ১৩২০টি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এগুলো ব্যবহৃত গুলি। গুলিগুলো কোন ধরনের, কোথা  থেকে এসেছে এবং কীভাবে সেখানে  ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, নিহত সন্ত্রাসী বাবলার বাসায় তল্লাশি চালানো হলেও পিস্তলটি বাসার ভেতর থেকে উদ্ধার হয়নি। বাসার বাইরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। অস্ত্রটির মালিকানা এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সরওয়ার  হোসেন বাবলা চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত একটি নাম। হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।