কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে তাসকিন (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসকিন ওই গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সমবয়সী শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে বলটি মাঠসংলগ্ন পুকুরে পড়ে যায়। বলটি তুলে আনতে পুকুরে নামলে গভীর পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ তাসকিনকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা শিশুরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাকে উদ্ধার করে। অচেতন অবস্থায় তাসকিনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়েই তাসকিন পানিতে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাসকিনের বাবা-মা ও স্বজনরা। তাদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।