আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর। জমকালো এ আয়োজনে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তিতুল্য অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা। 

প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবকে ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক, নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র। পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণ। 

আয়োজকদের ভাষ্য, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখা। 

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- এই তিন বিভাগে নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এরপর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন।