পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমির চন্দ্র খরাতী (৪০)।
পুলিশ জানায়, মাত্র তিন ঘণ্টায় একটি বিকাশ অ্যাকাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেনের তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়ার অভিযোগে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলার একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে আটক করা হয়। তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে আটক করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রদীপ হালদার ও সন্তোষ কুমার নামে দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।