প্রযুক্তি ব্যবহার করে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড.এম.এ মুহিত বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধনী গরীব সকল শ্রেণির মানুষের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

শনিবার বেলা ১১টায় একটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন ৩০ বছর ধরে চক্ষু সেবার সাথে যুক্ত আছি। বিগত দিনেও আমরা গ্রামে গিয়ে চক্ষু ক্যাম্প করতাম, বিনামূল্যে চক্ষু শিবির হত সেখানে এমনকি ক্যাম্পের মধ্যে মানুষের চোখে ছানি অপারেশন হতো।

সেখান থেকে আজ যখন এখানে এসেছি আমি আর চোখের ক্যাম্প দেখি না। আমি আর দারিদ্র দেখি না, দেখি সম্ভাবনার বাংলাদেশ। যেখানে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে ধনী গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা পৌছে দেয়া হবে।

এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম. এ মুহিত বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পুরোনো বন্দোবস্তে আর ফিরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে বলেন, যারা জনপ্রতিনিধি হবেন আমরা চাই তারা নির্ধারিত সময়ের জন্য আসবেন।

দায়িত্ব নিতে আসবেন,ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য কাজ করা এবং জীবন মান উন্নয়নই হবে একমাত্র লক্ষ্য।

তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখনো যারা পুরোনো বন্দোবস্তে ফিরে আসতে চায় তারা একটিভ আছে তারা থেমে নেই। কেউ দেশের ভিতরে আছে, কেউ দেশের বাহিরে হয়তো পালিয়ে গেছে, কিন্তু তাদের অপঃতৎপরতা থেমে নেই। তারা বিভিন্ন ছোট খাটো ইস্যুকে কেন্দ্র করে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এদেশে মধ্যপস্থা, যাতে সবাই মিলেমিশে থাকতে পারি।

কেউ কেউ চায় উগ্রপন্থা। কোন উগ্রো পন্থাকে সমর্থন দেওয়া যাবে না। আমরা চাই এদেশের নারী পুরুষের সমান অধিকার থাকবে, কেউ কেউ চায় আমাদের মা দেরকে বোনদেরকে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে।  আমরা চাই সবাই যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে। কেউ এসে এখানে নবাবী আর জমিদারী করতে পারবে না। এদেশ সবার সবাই সমান অধিকার নিয়ে এগিয়ে যাক। 

শনিবার বেলা ১১টার দিকে শাহাজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা নদীর তীরে জামিরতা ভিশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড.এম.এ মুহিত এসব কথা বলেন।

প্রফেসর এম.এ মতিন আইকেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আল-মামুনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিতের সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত প্রমুখ। 

জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন শেষে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে যাত্রা শুরু করা এই ভিশন সেন্টারের মাধ্যমে এখানে বসেই রোগীরা বিদেশের ডাক্তারের চিকিৎসা পাবেন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের এই হাসপাতালের মাধ্যমেই উন্নত দেশের চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়া হবে।