ডিজিটাল টোল সংগ্রহে ইবিএল ও সওজ অধিদপ্তর চুক্তি

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) দেশের বিভিন্ন সওজ পরিচালিত টোল সেতুগুলোতে আধুনিক ডিজিটাল টোল সংগ্রহ ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় সওজ অধিদপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই উদ্যোগের আওতায় ইবিএল সওজ অধিদপ্তর পরিচালিত ১৪টি টোল সেতুতে মার্চেন্ট পিওএস টার্মিনাল স্থাপন করেছে, যার মাধ্যমে যাত্রীরা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে সহজেই টোল পরিশোধ করতে পারবেন। এছাড়া ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের মাধ্যমে আরএফআইডি ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন সেবা চালু করা হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকরা  টাচলেস টোল পরিশোধের সুযোগ পাবেন । ইটিসি লেন ব্যবহার কালে কার্ড বা ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করলে গ্রাহকরা সওজ অধিদপ্তর  প্রদত্ত ১০ শতাংশ টোল ছাড়ও উপভোগ করতে পারবেন। 

এই উদ্যোগের ফলে টোল প্লাজায় লেনদেনের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, যানজট হ্রাস পাবে এবং নগদ অর্থ ও খুচরা টাকার ঝামেলা দূর হবে। পাশাপাশি সওজ অধিদপ্তর পরিচালিত টোল প্লাজাগুলোতে বাংলা কিউআর ভিত্তিক পেমেন্ট গ্রহণের সুবিধাও চালু করা হবে, যা দেশের নিরাপদ, দক্ষ ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার সরকারি উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে ইবিএল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল পেমেন্টস বিভাগের প্রধান ফয়সাল এম. ফাতেহ-উল-ইসলাম এবং সওজ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. আহসান হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।