চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ

চট্টগ্রামে মাদক মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নগরের ডবলমুরিং থানার উপপরিদর্শক মবিনুল ইসলাম আহত হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ বলেন, মাদক মামলার আসামি আলমগীরকে ধরতে গিয়ে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।