সিরাজগঞ্জ জেলা কারাগারের হাজতি আসামি কাওসার হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) ভোরে ঢাকার প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাওসার হোসেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাওসার হোসেন একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কারাগারে আসেন।
তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে চলতি বছরের ১৫ জুলাই কাওসারকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকার প্রিজন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
জেল সুপার আরও জানান, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে কাওসার হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।