টু ক রো  খ ব র

আতলেতিকোতে কাং-ইন লি

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কাং-ইন লি। ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তিতে স্প্যানিশ লা লিগায় ফিরেছেন তিনি। ইনচিয়নে জন্ম নেওয়া এই তারকা ১০ বছর বয়সে যোগ দেন ভ্যালেন্সিয়ার অ্যাকাডেমিতে। পরে তাদের মূল দল এবং মায়োর্কা ঘুরে ২০২৩ সালে নাম লেখান পিএসজিতে। সেখানে ১২৪ ম্যাচে ১৬ গোল করেন এই ফরোয়ার্ড। সঙ্গে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৯টি বড় ট্রফি জেতেন এবং কাতার ও ২০২৬ সালের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন। কোচ ডিয়েগো সিমিওনের স্কোয়াডে এই বহুমুখী মিডফিল্ডারের অন্তর্ভুক্তি আতলেতিকোর আক্রমণভাগকে শক্তিশালী করার পাশাপাশি এশীয় বাজারের ব্র্যান্ড ভ্যালুও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিওমান্দের খোঁজে রিয়াল

আক্রমণভাগ আরও ধারালো করতে আরবি লাইপজিগের আইভরিয়ান সেনসেশন ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১,৪০০ কোটি টাকা খরচ করে এই তরুণ উইঙ্গারকে পেতে পিএসজি ও লিভারপুলের মতো হেভিওয়েট ক্লাবগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জার্মান ক্লাবটি ১৩০ মিলিয়ন ইউরো দর হাঁকিয়ে তারকাকে ছাড়তে নারাজ হলেও, গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন ১৯ বছর বয়সী এখেলা ই ফরোয়ার্ড। বুন্দেসলিগা ও বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা দিওমান্দেকে পেতে রিয়ালের নতুন কোচ জোসে মরিনহোর বিশেষ আগ্রহ রয়েছে। বার্নার্দো সিলভা, কুকুরেয়া, কোনাতেদের দলে ভেড়ানোর পর, এই তরুণকে যোগ করে স্কোয়াড আরও শক্তিশালী করতে চায় লস ব্লাঙ্কোসরা।

ভারতে আসছে ব্রাজিল

আগামী অক্টোবরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে অক্টোবরের শুরুতে ভারতে নামতে পারে সেলেসাওরা। সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপে ভারতের রাস্তায় নেইমার-ভিনিসিয়ুসদের বিশাল দেয়ালচিত্র আর ভক্তদের হলুদ জার্সির উন্মাদনা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল। ভারতীয় সমর্থকদের সেই অন্তহীন প্রীতি ও আবেগ দেখেই মূলত দেশটিতে প্রীতি ম্যাচ আয়োজনের ঐতিহাসিক উদ্যোগ হাতে নিয়েছে সিবিএফ ও আয়োজকরা। চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো বাকি থাকলেও বাংলাদেশ বা সিঙ্গাপুরকে পেছনে ফেলে আলোচনাটি বর্তমানে শুধু ভারতের সঙ্গেই এগিয়ে চলেছে।