আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির পারিবারিক বংশগতি নিয়ে একটি নতুন ও আকর্ষণীয় তথ্য উঠে এসেছে। ইতালীয় গবেষক ফিওরেনজো সান্তিনির দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে, আর্জেন্টিনায় থিতু হওয়ার আগে লিওনেল মেসির মাতুলালয়ের পরিবার কিছুদিন ব্রাজিলে বসবাস করেছিল এবং সেখানেই তাদের আসল পদবি পরিবর্তিত হয়।
ইতালির কামেরানো শহরের সাংবাদিক ও গবেষক ফিওরেনজো সান্তিনি দীর্ঘ কয়েক দশক ধরে ইতালি থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো অভিবাসীদের ইতিহাস নিয়ে গবেষণা করছেন। মেসিকে নিয়ে ইতালির মার্কে অঞ্চলের সংবাদপত্র ক্রোনাকে মাকেরাতেসিতে কদিন তার এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষণায় উঠে এসেছে ১৮৯৩ সালে মেসির প্রপিতামহ অ্যানঞ্জেলো মেসি ইতালির মন্টেফিওরে দি রেকানাতি ছেড়ে স্ত্রিকে নিয়ে আর্জেন্টিনার রোজারিওতে চলে যান। সান্তিনির মতে, ইতালিতে তখন ব্যাপক খাদ্য সংকট থাকায় অ্যানঞ্জেলোর বাবা প্যাসেফিকো মেসি ছেলেকে আর্জেন্টিনায় যেতে উৎসাহিত করেন, কারণ সে সময় আর্জেন্টিনায় ‘প্রচুর মাংস খেতে পাওয়া যেত।’
মেসির মায়ের বংশের পদবি বর্তমানে কুকচিত্তিনি, যা ইতালিতে প্রায় দুর্লভ। গবেষণা চালিয়ে সান্তিনি জানতে পারেন, মূল পদবিটি ছিল কোকচিত্তিনি।
ইতালির সান সেভেরিনো মার্কে অঞ্চল থেকে আর্জেন্টিনার রোজারিওতে যাওয়ার আগে পরিবারটি প্রথম ব্রাজিলের সাও পাওলো রাজ্যের রিপেইরাও প্রেতো শহরে যায়। সে সময় ব্রাজিলের অভিবাসন নথিপত্রে ভুলবশত বা উচ্চারণের কারণে ‘কোকচিত্তিনি’ পদবিটি বদলে ‘কুকচিত্তিনি’ হয়ে যায়। পরে তারা আর্জেন্টিনায় স্থায়ী হয়। এই ঐতিহাসিক সূত্র আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ মেসিকে পরে সান সেভেরিনো শহরের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এ ছাড়া ২০১৫ সালে মেসির বাবা হোর্হে মেসি তার স্ত্রী ও সন্তানদের ইতালীয় নাগরিকত্ব বাড়ানোর জন্য সান্তিনির সাহায্য চাইলে জানা যায় তারা অজান্তেই ইতালির রেকানাতি দেওয়ানি খাতায় নিবন্ধিত ছিলেন।