বিসিবির কোচ নিয়োগে ‘ফেল’ ১৮০ জন

তৃণমূল ক্রিকেটের ভিত্তি শক্ত করতে নতুন করে বেশ কিছু জেলা ও বিভাগের জন্য কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে ৬১টি (৫৯ জেলা ও ঢাকা মহানগরীর জন্য ২ জন) পদের জন্য ২১৮ জন কোচ আবেদন করেন। এদের মধ্যে সবার আবেদন মানদণ্ড অনুযায়ী না হওয়ায় পরীক্ষায় বসতে দেয়নি বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ। তবে এ পরীক্ষায় মাত্র ৩৮ জন পাস করেন। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ১৮০ জন।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিসিবির মানদণ্ডের কারণে আরও ২০ জনের মতো প্রার্থী বাদ পড়তে পারেন বলে জানা গেছে। এতে বেশ বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। ফাঁকা থাকা জেলা ও বিভাগের জন্য আজ অথবা আগামীকালের মধ্যে আবার কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেবে বিসিবি। কোচ নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের প্রশ্ন করে বিসিবি। জানা গেছে, সেখানে ২০ শতাংশ আবেদনকারীও পাস নম্বর তুলতে পারেননি।

এই নিয়োগের সঙ্গে জড়িত বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা ভেবেছিলাম, বেশ প্রতিযোগিতা হবে। এখন নতুন করে আবার কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিতে হবে।’ উত্তীর্ণ হওয়া ৩৮ জনের মধ্য থেকেও অনেকেই বাদ পড়তে পারে বলে মনে করেন তিনি, ‘এরা পরীক্ষায় পাস করেছেন। কিন্তু অনেকেই মানদণ্ড পূরণ করতে পারেননি। আমাদের চাওয়া ছিল, অন্তত লেভেল-১ কোচিং কোর্স করা আছে, এমন মানুষ খুঁজে বের করা। এখানে অনেকের সেটি নেই।’