জোড়া গোল করে 'তাস খেলার' উদযাপনে মাতলেন নেইমার

পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই তীব্র সমালোচনার মুখে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে সমালোচকদের মুখের ওপর জবাব দিতে বেশি সময় নেননি এই ফরোয়ার্ড। সান্তোসের হয়ে গোল করার পর তাস খেলার অভিনয় ও উদযাপনে মেতে উঠে সমালোচকদের এক হাত নিলেন তিনি।

শনিবার ব্রাজিলিয়ান ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে মুখোমুখি হয় সান্তোস। ম্যাচের ৩৫তম মিনিটে বারিয়ালের পাস থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন নেইমার।

গোল করার পরপরই ক্যামেরার সামনে গিয়ে তাস বণ্টন বা খেলার ভঙ্গিতে উদযাপন করেন স্যান্টোসের এই ১০ নম্বর জার্সিধারী। শুধু উদযাপনেই ক্ষান্ত হননি, স্পোর্টভ ও প্রিমিয়ারের ফুটেজে তাকে তাস বাঁটার অঙ্গভঙ্গির পাশাপাশি "চুপা" (এক ধরনের কটাক্ষমূলক পর্তুগিজ শব্দ) বলতেও দেখা যায়, যা স্পষ্টভাবে তার সমালোচকদের উদ্দেশ্যেই ছিল।

বিতর্কের পেছনের ঘটনা

সপ্তাহের শুরুতে সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে নেইমারের পেশাদারিত্ব নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে অনুপস্থিত থাকার কারণে সমর্থক ও বিশ্লেষকদের ক্ষোভ আরও বাড়ে।

তবে নেইমার ছুটির দিনে অনুশীলনের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন,"ছুটির দিনে আমি পোকার খেলেছি বলে অনেকেই অনেক কথা বলছে। আমি সকালে কাজ করেছি, খেলায় যাইনি ঠিকই, কিন্তু আবার অনুশীলনে ফিরেছি। ওটা আমার ছুটির দিন ছিল। তোমরা যাই বলো, আমি অনুশীলনের জন্য তৈরি হচ্ছি। আমি কি অনুশীলন করতে পারি নাকি এটা নিয়েও সমালোচনা করবে? নিজেদের চরকায় তেল দাও।"

জোড়া গোল করলেও জয় পেল না সান্তোস

বিতর্কের জবাবে নেইমার মাঠে নিজের কাজ ঠিকই করেছেন। শ্যাপেকোয়েন্সের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ পারফর্ম করে জোড়া গোল (২টি গোল) করেন তিনি। তবে তার দুর্দান্ত পারফর্ম সত্ত্বেও সান্তোস পূর্ণ ৩ পয়েন্ট পেতে ব্যর্থ হয়। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শ্যাপেকোয়েন্সের সাথে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ সমতায় ড্র হয়।

এছাড়াও ম্যাচের ৭৫তম মিনিটে হলুদ কার্ড দেখার কারণে পরবর্তী ম্যাচে অ্যাথলেটিকো পারানায়েন্সের বিপক্ষে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে তিনি কোপা সুদামেরিকার ম্যাচে খেলতে পারবেন।