স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় নিজ জেলা ভোলার তজুমদ্দিনে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা দলীয় কার্যালয় থেকে শনিবার (২৫ জুলাই) বিকেলে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের মানুষ গর্বিত। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, সততা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দক্ষতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা বলেন, তজুমদ্দিন ও লালমোহনের মানুষের জন্য এটি এক ঐতিহাসিক ও গৌরবের মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন স্থানীয় কৃতী ব্যক্তিত্বের অধিষ্ঠিত হওয়ায় এলাকার মানুষ আনন্দিত।
মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, শাহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।