রাজধানীর শেওড়াপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ (৩০) নামে রাইড শেয়ারিং করা এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে শেওড়াপাড়া গ্রিন স্পেশালাইজড হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। সবুজ নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ি গ্রামের মশিউর রহমানের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, শেওড়াপাড়া গ্রিন স্পেশালাইজড হাসপাতালের সামনে হিমালয় পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সবুজ গুরুতর আহত হন। তবে মোটরসাইকেলে থাকা যাত্রী ভাগ্যক্রমে কোনো আঘাত পাননি।
দুর্ঘটনাস্থল থেকে সজিব খান নামে এক পথচারী মুমূর্ষু অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারী সজিব খান জানান, রাতে বাসায় ফেরার পথে মানুষের জটলা দেখে তিনি এগিয়ে যান এবং দুর্ঘটনার কথা জানতে পেরে আহত যুবককে হাসপাতালে নেন। পরবর্তীতে নিহতের সাথে থাকা ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।