বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে কোনো ধরনের ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবিধানিক সুরক্ষা ও দেশের প্রচলিত বিধি-বিধান অনুসারেই সাবেক এই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সম্পূর্ণ আইনি সুরক্ষার (প্রিভিলেজড) আওতায় ছিলেন। ফলে ওই সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ছয় মাস তিনি এসএসএফ, পিজিআর ও পুলিশসহ সব ধরনের নিরাপত্তা সুবিধা পাবেন।
সম্প্রতি কিছু রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে ওঠা নানা অভিযোগ ও দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী মুক্ত পরিবেশে সবারই মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে ক্ষোভ বা অভিযোগ উঠে আসতেই পারে, তবে আইনিভাবে আমলে নেওয়ার মতো কোনো তথ্য বা ভিত্তি সেখানে পাওয়া যায়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিগত রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সময়সহ পুরো মেয়াদেই সাবেক রাষ্ট্রপতি সংবিধান মেনে নিজের দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন। ফলে রাষ্ট্রীয় আইন ও মর্যাদা রক্ষার্থেই তাকে প্রাপ্য সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে।