মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ঘাটে ফিরছেন রাঙ্গাবালীর জেলেরা 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

নিম্নচাপের প্রভাবে আজ রবিবার (২৬ জুলাই) সকাল থেকেই রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা। কয়েক দফা বৈরী আবহাওয়ার কারণে জেলেদের পড়তে হয়েছে দুর্ভোগে। আবারও সাগর উত্তাল হয়ে ওঠার সম্ভাবনায় নতুন করে চিন্তিত তারা।