জোড়া হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘন্টার মধ্যে ছেলে গ্রেপ্তার: পুলিশ

চট্টগ্রামের আনোয়ারায় কাঁচি দিয়ে জোড়া হত্যার রহস্য উদঘাটনে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিহত দম্পতির একমাত্র ছেলে রমিরাজ দাশ রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটিও উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) দুপুরে আনোয়ারা থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৫ জুলাই) দুপুরে এই হত্যার ঘটনা ঘটে।

গ্রেপ্তার রমিরাজ দাশ রিমন (৩১) উপজেলার পূর্ব গুজরা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে রমিরাজ দাশের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ঘরে থাকা কাঁচি দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশ গুপ্তকে এলোপাতাড়ি আঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও একই কাঁচি দিয়ে গলা ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা মারা যান। গুরুতর আহত বাবাকে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজ কক্ষে অবস্থান করছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, এ ঘটনায় নিহত স্বপন দাশ গুপ্তের ভাই তপন দাশ গুপ্ত (৫৭) আনোয়ারা থানায় লিখিত এজহার দায়েরের পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।