রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা বললেন ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে সিনিয়র সচিবের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন পর্যালোচনা করা হয়।

আখতার আহমেদ জানান, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।