নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা সাফিয়া হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় রুবেল মিয়া পাশের বাড়ির বাসিন্দা সাফিয়া বেগমকে হত্যা করেন। সাফিয়া বেগমের স্বামী মো. শাহজালাল ভূঁইয়া জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলে রুবেল মিয়া ঘরে প্রবেশ করে তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর রুবেল মিয়া সাফিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।