আধুনিক ক্রিকেটের গতি ও ধারার সঙ্গে পাকিস্তান জাতীয় দল টেক্কা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন অলরাউন্ডার শাদাব খান। সম্প্রতি একটি ডিজিটাল ক্রিকেট প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি খোলামেলাভাবে স্বীকার করেছেন যে, পাকিস্তান আধুনিক ক্রিকেট সংস্কৃতিতে বেশ পিছিয়ে পড়েছে এবং দল হিসেবে ঘুরে দাঁড়াতে এই বাস্তবতা মেনে নেওয়াটাই সবচেয়ে জরুরি।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে কোনো বড় আইসিসি ট্রফি জিততে না পারার পেছনে আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারাকেই দায়ী করেন শাদাব। তিনি বলেন, "আমরা আধুনিক ক্রিকেট থেকে অনেক পিছিয়ে আছি। সমস্যা সমাধানের প্রথম ধাপই হলো এটি মেনে নেওয়া। গত এক-দেড় বছরে অন্তত এই পিছিয়ে থাকার বিষয়টি সিস্টেমে থাকা সবাই স্বীকার করতে শুরু করেছে এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।"
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর থেকে শেষ ১২টি ম্যাচের ১১টিতেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এই বিষয়ে শাদাব জানান, ভারতের বিরুদ্ধে ম্যাচের তীব্রতা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তার মতে, "অনেকে মনে করেন ভারতের বিপক্ষে জিতলে বিশ্বকাপ জিতে গেলাম, আর হারলে সব শেষ। কিন্তু আদতে এটি অন্যান্য ম্যাচের মতোই সাধারণ একটি ম্যাচ।"
শান মাসুদের জায়গায় টেস্ট দলের অধিনায়ক হিসেবে আবারও বাবর আজম ফিরে আসাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন শাদাব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে বাবরের নেতৃত্বে পাকিস্তান দল জয় দিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অলরাউন্ডার।