এক প্রীতি ফুটবল ম্যাচে পুরুষ খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে মাথায় চোট পেয়ে কনকাশনের শিকার হয়েছেন এক নারী রেফারি।ফরাসি ক্লাব মেস ও ডাচ ক্লাব ফরটুনা সিটার্ডের মধ্যকার ম্যাচে খেলোয়াড়দের ধাক্কায় মাঠে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পান ২৬ বছর বয়সী ম্যাচ রেফারি মাতিল্দ দেমোঁসে। পূর্ব ফ্রান্সের ফোরবাখ শহরের শ্লসবার্গ স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই প্রীতি ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পর আর ম্যাচ পরিচালনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি মাতিল্দের পক্ষে।
ম্যাচের ৪০তম মিনিটে শার্ট টানাটানিকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই খেলোয়াড় তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই দুই দলের অন্য খেলোয়াড়রা সেখানে ছুটে এসে হাতাহাতিতে লিপ্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি মাতিল্দ দেমোঁসে মাঝখানে গিয়ে হস্তক্ষেপের চেষ্টা চালান। কিন্তু খেলোয়াড়দের ধাক্কাধাক্কির তোড়ে তিনি সজোরে মাঠে আছড়ে পড়েন। কাকতালীয়ভাবে, ঘটনাটি ঘটে মাঠের পাশে থাকা রেফারিকে সম্মান করুন লেখা একটি বড় ব্যানার বা সাইনবোর্ডের ঠিক সামনেই।
আঘাতের পর হাত ধরে কয়েক মিনিট মাঠে কাতরাতে থাকেন মাতিল্দ। পরিস্থিতি সামাল দিতে এবং তার শারীরিক অবস্থা দেখতে সহকারী রেফারি, নিরাপত্তা কর্মী ও চিকিৎসা দল দ্রুত মাঠে প্রবেশ করে।
খেলা আবার শুরু হলে ২৬ বছর বয়সী মাতিল্দ সাময়িকভাবে সহকারী রেফারির (লাইন্সম্যান) দায়িত্ব পালন করলেও বিরতির (হাফ-টাইম) পর আর মাঠে ফেরেননি। তার জায়গায় অন্য এক সহকারী রেফারি বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব নেন। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, মাথায় সজোরে চোট পাওয়ার কারণে তিনি কনকাশনে ভুগছেন।
ম্যাচে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া ফরটুনা সিটার্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া প্রতিবেদনটিতে ঘটনাটিকে একটি "স্মরণীয় ও অদ্ভুত মুহূর্ত" বলে বর্ণনা করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে বিজয়ী দল মেস তাদের প্রতিবেদনে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কথা এড়িয়ে গেছে।