২৫ দিনে প্রবাসী আয় ২৮ হাজার ৪৭ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন (২২৯ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা। প্রতিদিন গড়ে দেশে প্রায় ৯ কোটি ১৯ লাখ ডলার বা ১ হাজার ১২১ কোটি টাকারও বেশি প্রবাসী আয় আসছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এর আগে চলতি মাসের প্রথম পাঁচদিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ২১ দিনের মাথায় মোট প্রবাসী আয় পৌঁছেছে ২০৯ কোটি ৫০ লাখ ডলারে আর সেটি ২৫ দিনে দাঁড়িয়েছে ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ২৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।