জেলা প্রশাসক

অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রি না করতে নির্দেশনা

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা, সচেতনতামূলক স্টিকারিং ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে পদযাত্রাটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, ব্যবসায়ী নেতা মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক সাংবাদিক জুবায়ের আল মামুন, সাংবাদিক হাসান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

জেলা প্রশাসক শহরের ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বা অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেন এবং এ বিষয়ে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রচলিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ দণ্ডনীয় অপরাধ। তাই আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।