উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি মোংলা থেকে ২৪৫ কিমি, পায়রা থেকে ২৬৫ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং কক্সবাজার ও চট্টগ্রাম থেকে যথাক্রমে ৪১৫ ও ৪২৫ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।