জয় দিয়ে লিভারপুল অধ্যায় শুরু ইরাওলার

অ্যানফিল্ডের নতুন কোচ হিসেবে আন্দোনি ইরাওলার পথচলা শুরু হলো জয় দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে নিজেদের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রথম অর্ধে দল কিছুটা পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। দলের হয়ে গোল করেন তরুণ কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেদেরিকো চিয়েসা এবং লুইস কৌমাস।

ম্যাচটির শুরুতেই অবশ্য ঘটে বিপত্তি। দলের অধিনায়ক ও অভিজ্ঞ সেন্টার-ব্যাক জো গোমেজ মাত্র ১০ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। কোচের নতুন ট্যাকটিক্যাল পরিকল্পনায় এই ডিফেন্ডারকে ঘিরে বড় পরিকল্পনা থাকলেও, মৌসুমের ঠিক প্রাক্কালেই তার ইনজুরি দলটির রক্ষণভাগকে বেশ বড় সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে ইব্রাহিম কোনাতে রিয়াল মাদ্রিদে চলে যাওয়া এবং অন্য ডিফেন্ডারদের দীর্ঘ চোটের কারণে এমনিতেই রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ইরাওলা।

ম্যাচ শেষে গোমেজের ঘটনার প্রতিক্রিয়ায় ইরাওলা হতাশা প্রকাশ করে বলেন, ‘সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো শুরুতেই জো’র ইনজুরি। আমরা খুশি ছিলাম সবাইকে ফিট নিয়েই ট্রেনিং সেশন পার করছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা শুরুতেই জোকে (গোমেজ) হারিয়েছি।’

দলের পারফরম্যান্স নিয়ে ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ইরাওলা আরো বলেন, ‘অবশ্যই অনেক কিছু ঠিক করার আছে, কারণ এটি প্রথম দিন। আপনি খেলোয়াড়দের পায়ে ক্লান্তি অনুভব করতে পারবেন, কারণ তারা টানা ট্রেনিংয়ের ওপর রয়েছে। তাই আমাদের মাঝে কিছুটা সতেজতার অভাব ছিল। তবে এটি আমাদের জিনিসগুলো উন্নত করার জন্য একটি ভালো সূচনা পয়েন্ট দেবে।’

এদিকে রেনেস থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডের বড় ট্রান্সফারে নতুন যোগ দেওয়া ডিফেন্ডার জেরেমি জাকুয়েকে নিয়ে দ্রুত তাড়াহুড়ো না করার কথাও জানিয়েছেন ইরাওলা। গত মৌসুমের শেষ ভাগে কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায়, সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তাকে শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্রামে রাখা হয়েছিল।

আসন্ন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রের এই সফরে রেক্সহ্যাম, লিডস ইউনাইটেড, এসি মোনাকো এবং কোমোর বিপক্ষে আরও বেশ কয়েকটি প্রাক-মৌসুম ম্যাচ খেলবে লিভারপুল। এরপর আগামী ২৩ আগস্ট নিউক্যাসলের মাঠে অ্যাওয়ে ম্যাচের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের অফিশিয়াল মিশন শুরু করবে অল রেডরা।